আজ- সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের সময় আটক ২

by Prokash Kal
১৪ views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন পশ্চিম বনবিভাগের মাদারবাড়ীয়া খালের সন্নিকটে ছোট নাক জোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। জব্দ করা হয়েছে ৬৫ কেজি চিংড়ি মাছসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম।

শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, খুলনার কয়রা উপজেলার জোড়সিং গ্রামের রফিকুল মোড়লের পুত্র আল মামুন এবং লতিফ মোল্লার পুত্র মাছুম বিল্লাহ।

অভিযান পরিচালনাকারী কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন জানান, সুন্দরবনে বর্তমানে মাছ শিকার ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ওই ব্যক্তিরা বনের ভেতরে প্রবেশ করে অবৈধভাবে চিংড়ি মাছ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৬৫ কেজি চিংড়ি মাছ, দুটি নৌকা, ভেষালী জাল এবং দুটি বৈঠাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন আরও জানান, জব্দকৃত চিংড়ি মাছ আদালতের নির্দেশে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: