
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে অবস্থিত ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যালয়ে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রিপন আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রতিষ্ঠানটির কর্মচারী এবং প্রতিষ্ঠানের কর্ণধার মুরাদ পারভেজের খালাতো ভাই।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পবা থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিপন আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে পবা উপজেলার পুঠিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৭ জুলাই) সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে ম্যাঙ্গো লাভারের কর্ণধার মুরাদ পারভেজকে (৩২)। অপর আসামি শের আলী দুলাল (৩৬), যার বাড়ি ঢাকায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রিপন আলীর মাধ্যমে শের আলী দুলালের সঙ্গে রাজশাহী কলেজে অধ্যয়নরত ওই তরুণীর পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ জুলাই শের আলী ঢাকা থেকে রাজশাহীতে এসে নওহাটা বাজারে অবস্থিত ম্যাঙ্গো লাভারের কার্যালয়ে ওই তরুণীর সঙ্গে দেখা করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ওই কার্যালয়ে শের আলী দুলাল ও মুরাদ পারভেজ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় রিপন আলী সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সহযোগিতার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
