
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাসকট প্রবেশ এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ সময় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশন দল এবং জেলার নয়টি উপজেলার নয়টি দলসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে বাগমারা উপজেলা দলকে ১–০ গোলে হারিয়ে জয় পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন দল।
