
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে বেগম খালেদা জিয়া চিরদিনের জন্য তাঁদের কাছ থেকে বিদায় নিয়েছেন।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া তাঁদের ‘মা’। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে তিনি রাজশাহীতে আরএমপির কার্যক্রমের শুভ সূচনা করেছিলেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
তিনি বলেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসে আরএমপি প্রতিষ্ঠা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসী করুন।’
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে অনেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মাদক ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে তিনি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইতিমধ্যে আরএমপি আস্থা অর্জন করেছে। আইন নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।’
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, তাঁর নেতৃত্বেই দেশ সুখী ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবির। এ সময় বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে আরএমপি হেডকোয়ার্টারে ঐতিহাসিক ওই নামফলকটি ছিল না। শনিবারের অনুষ্ঠানে তা পুনঃস্থাপন করে উন্মোচন করা হয়।
