
এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. শরীফ হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শওকত হোসেনের নেতৃত্বে আমতলী থানা ও গাজীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দন্ত চিকিৎসক নুরুল ইসলাম তালুকদারের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনে অবস্থানরত শরীফ হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শরীফ হাওলাদার উপজেলার গাজীপুর (উত্তর কান্দা) এলাকার মৃত খলিল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর বাজারের মুদি ব্যবসায়ী আমানউল্লাহর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পুলিশের দাবি, মাদকবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
