
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত আরও একজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো. আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের দ্বারিয়াপুর হালিয়াঘাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নূরণবী (২৮) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও নগদ ৭৭৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। নূরণবী ওই এলাকার মৃত মহির শেখের ছেলে।
অপরদিকে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো. মমতাজ আলীর নেতৃত্বে পাড়কোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় পাড়কোলা গ্রামের একটি চায়ের দোকানের পাশে ইয়াবা কেনাবেচার সময় শফিকুল মণ্ডল (৩৬) নামে এক ব্যক্তিকে ১৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১ দশমিক ৬ গ্রাম। শফিকুল পাড়কোলা পশ্চিমপাড়া গ্রামের মো. মামুত মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রইচ উদ্দিন (৩৫) নামে আরও একজন পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া শফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক রইচ উদ্দিনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করার কথা জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শাহজাদপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও টহল জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
