আজ- বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার স্মরণে দোয়া মাহফিল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় ও জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে এবং রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো. আবদুর সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর সবুর বলেন, “মরহুম মুহম্মদ আলতাফ হোসেন ছিলেন বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ও নির্ভীক কলমসৈনিক। বিশেষ করে তৃণমূল ও মফস্বল পর্যায়ের অবহেলিত সাংবাদিকদের অধিকার আদায়ে এবং তাদের পেশাগত মানোন্নয়নে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর হাতে গড়া ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ আজ সারা দেশের সাংবাদিকদের একটি সুসংগঠিত ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম মোস্তাফা মামুন বলেন, “মুহম্মদ আলতাফ হোসেন কেবল একজন সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিকদের সুখ-দুঃখের প্রকৃত অভিভাবক। বর্তমান সময়ে সাংবাদিকতা পেশার যে চ্যালেঞ্জ, তা মোকাবিলায় তাঁর মতো আদর্শবান নেতার বড়ই প্রয়োজন ছিল। তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমাদের বস্তুনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিকতা চর্চা চালিয়ে যেতে হবে।”

সভাপতির বক্তব্যে মো. নুরে ইসলাম মিলন প্রিয় প্রতিষ্ঠাতাকে শোকাহত হৃদয়ে স্মরণ করে বলেন, “আমাদের প্রিয় অভিভাবক মুহম্মদ আলতাফ হোসেন যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, রাজশাহী বিভাগে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। সকল ভেদাভেদ ভুলে সংস্থার পতাকাতলে থেকে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে তাঁর প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি গোলাম রশুল রওনক,দপ্তর সম্পাদক সুরুজ আলী, দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক রাজিব আলী রাতুল, সংস্থার মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরবিএস পাভেল এবং বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ। এছাড়াও রাজশাহী প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয়, জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শোকাবহ পরিবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুর সবুর।

You may also like

Leave a Comment

শিরোনাম: