আজ- , ,

ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার, আটক ৫

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিরা পেশাদার অপরাধী। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায়। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির অভিজ্ঞতা রয়েছে তাঁদের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা ক্রিকেটারদের লাগেজ চুরি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাননি পুলিশ সুপার। তিনি বলেন, এ ঘটনায় মামলা হবে। এরপর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা জেলা ডিবি কার্যালয়ে যান। সেখানে আটক পাঁচজনকে দেখেছেন তাঁরা। তাঁদের কয়েকজন ক্রিকেটারদের লাগেজে থাকা পোশাক পরেছিলেন। কেউ কেউ লাগেজে পাওয়া দামি সুগন্ধিও ব্যবহার করছিলেন।

মোজাদ্দেদ জামানী বলেন, ক্রিকেটারদের লাগেজে থাকা প্রায় সব মালামালই উদ্ধার হয়েছে। তবে একজন ক্রিকেটারের লাগেজে থাকা তিন লাখ টাকা পাওয়া যায়নি। ওই টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ডিবি পুলিশ তাঁদের জানিয়েছে।

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহীতে ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ বিসিবির একটি কাভার্ড ভ্যানে করে রাজশাহীতে আনা হচ্ছিল।

বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ পাওয়া যায়নি। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে কাজ শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
15 October 2026

ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার, আটক ৫

www.prokashkal.com |
/Prokashkal