
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী নগরের রামচন্দ্রপুর খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে ১২টি ইয়াবা ট্যাবলেটসহ মো. গোলাম রসুল (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী দল। এ সময় মাদক বিক্রির ৩৬০ টাকা জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে বোয়ালিয়া থানা-পুলিশের সহায়তায় গোলাম রসুলের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। তিনি ওই এলাকার গাজু শেখের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে গোলাম রসুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৩৬০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গোলাম রসুলের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
