
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে নগরীর শিতলাই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিতলাই গোবিন্দপুর গ্রামের আমান উল্লাহ আমান (২৭) ও সাকিবুল ইসলাম (২৬)। এ সময় মাসুম (৩৫) নামে আরও এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, গ্রেপ্তার আমানের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন এবং সাকিবুলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। এসব ফোনে মোট ৯টি সিমকার্ড, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট-সংশ্লিষ্ট পাঁচটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিংয়ের সাতটি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপসের সন্ধান পাওয়া যায়।
এ ছাড়া জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পলাতক মাসুম দীর্ঘদিন ধরে আমান ও সাকিবুলের সঙ্গে বিভিন্ন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়ায় জড়িত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
