
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১১টায় জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকি এবং সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।
এতে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি; রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল; রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদসহ রাজশাহীর অন্যান্য সংসদ সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করতে থানার অফিসার ইনচার্জদের (ওসি) সক্রিয় ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া জেলার চলমান উন্নয়নমূলক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
