
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। ওই দিন সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সিপাহী-জনতার বিপ্লবের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন।
মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা। এ বিপ্লবের মধ্য দিয়ে জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটে এবং বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির পথ সুগম হয়। শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন আজও জাতির জন্য অনুপ্রেরণার উৎস।
বাণীতে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক বিভেদ ভুলে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহ্বান জানান রাসিক প্রশাসক। একই সঙ্গে সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টা চালানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সার্বিক সাফল্য কামনা করেন মো. মাহফুজুর রহমান রিটন।
