আজ- , ,

মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলা, হাত-পা ভাঙার অভিযোগ

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর ডান হাত ও বাম পা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ডান পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মাদক কারবারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন আবুল কালাম। গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্ত ব্যক্তিরা।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাতে বাড়িতে ফেরার পর শাহজালাল নামে এক ব্যক্তি ফোন করে আবুল কালামকে বাইরে ডেকে নেন। পরে সেখানে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন মিলে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা তাঁর ডান হাত ও বাম পা ভেঙে দেন এবং ডান পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ করা হয়েছে।

আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত পুলিশ সদস্যের বাবা আব্দুল মালেক অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা প্রথমে আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেন। পরে তিনি মাটিতে পড়ে গেলে তাঁর ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
06 November 2026

মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলা, হাত-পা ভাঙার অভিযোগ

www.prokashkal.com |
/Prokashkal