
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিউমার্কেট সরেজমিনে পরিদর্শন করে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।
বেলা সাড়ে ১২টার দিকে নিউমার্কেটের দুই তলাসহ পুরো মার্কেট ঘুরে দেখেন রাসিক প্রশাসক। এ সময় ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। মার্কেটের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা তুলে ধরেন ব্যবসায়ীরা।
পরিদর্শন শেষে নিউমার্কেটের সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন প্রশাসক। একই সঙ্গে মার্কেটের উন্নয়ন ও সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী নিউমার্কেট নগরীর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এর নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্য বজায় রেখেই উন্নয়ন ও সংস্কার করা হবে। ব্যবসায়ীরা যাতে আরও ভালো পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে তাঁদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এ জন্য ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
পরিদর্শনকালে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলারসহ সমিতির নেতৃবৃন্দ এবং রাসিকের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
