
প্রকাশকাল ডেস্ক:
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
নির্মাতা এমডি ইকবাল জানান, ‘নসীব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে অবস্থানরত কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
দেশীয় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন সোহেল খান। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তী সময়ে একক নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার নিজস্ব ভঙ্গি, হাস্যরসাত্মক চরিত্রে সাবলীল উপস্থিতি এবং বৈচিত্র্যময় চরিত্র ফুটিয়ে তোলার দক্ষতায় বিনোদনজগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।
তবে সোহেল খানের অভিনয়জীবনের শুরুর পথটা মোটেও সহজ ছিল না। বাংলা মুভি ডেটাবেজের তথ্য অনুযায়ী, নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু অভিনয় সন্তোষজনক না হওয়ায় সেবার তাঁকে শুটিং থেকে বাদ দিয়েছিলেন হুমায়ূন আহমেদ। সেই অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁকে আরও দক্ষ অভিনেতা হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। নিজের অভিনয়দক্ষতা উন্নত করে একসময় হুমায়ন আহমেদের প্রশংসাও অর্জন
করেন তিনি। অভিনয়জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতেন এই অভিনেতা।
দীর্ঘ অভিনয়জীবনে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন সোহেল খান। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভালোবাসার যৌথ খামার’, ‘ফোরটুয়েন্টি’ ও ‘অ্যাকশন গোয়েন্দা’। ২০১৮ সালের ২০ জুন দৈনিক যায়যায়দিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ওই বছরের ঈদেই নয়টি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন। নাটকের গল্পে বৈচিত্র্যের অভাব, বাজেটস্বল্পতা এবং নির্মাণের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়েও সে সময় উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
টেলিভিশন নাটকের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন সোহেল খান। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে বলে নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। ২০১৮ সালেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের কথা জানিয়েছিলেন এই অভিনেতা। পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘বউয়ের জ্বালা’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘আয়না কাহিনী’, ‘তারকাঁটা’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘লিডার’, ‘বীর’, ‘প্রিয় কমলা’, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’, ‘শান’ ও ‘জংলি’। বাণিজ্যিক ও গল্পনির্ভর উভয় ধারার চলচ্চিত্রেই অভিনয় করেছেন তিনি। পার্শ্বচরিত্রে অভিনয় করেও নিজের দক্ষতায় দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন।
অভিনয়ের বাইরেও দেশের চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন সোহেল খান। ২০২৫ সালের ২০ এপ্রিল দৈনিক কালবেলায় প্রকাশিত এক সাক্ষাৎকারে মফস্বল শহরে একটি সিনেমা হল প্রতিষ্ঠার স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি। দেশের বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল এবং চলচ্চিত্রের সংকুচিত বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বড় বড় বিপণিবিতানের ওপরের তলায় ১৫০ থেকে ২০০ আসনবিশিষ্ট সিনেমা হল নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। পরিবার নিয়ে দর্শকরা যেন নিরাপদ ও সুন্দর পরিবেশে সিনেমা উপভোগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দিয়েছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রের উন্নয়ন ও প্রেক্ষাগৃহ রক্ষায় সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছিলেন এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন সোহেল খান। ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে তাঁর গ্রামের বাড়ি। নিজ এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আগ্রহ ছিল তাঁর। একসময় ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সোহেল খান। নতুন চলচ্চিত্র ‘নসীব’-এর শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন তিনি। কিন্তু যে অভিনয়কে ভালোবেসে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন, সেই অভিনয়ের কাজে গিয়েই থেমে গেল তাঁর জীবনের পথচলা।
দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য চরিত্রের মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়েছেন সোহেল খান। কখনো হাসিয়েছেন, কখনো আবেগাপ্লুত করেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে বাংলাদেশের বিনোদন অঙ্গন হারাল একজন অভিজ্ঞ ও প্রতিভাবান অভিনয়শিল্পীকে। সশরীরে আর কোনো নতুন চরিত্রে ফিরবেন না তিনি, তবে তাঁর অভিনীত নাটক ও চলচ্চিত্রের মধ্য দিয়ে দর্শকদের স্মৃতিতে বেঁচে থাকবেন দীর্ঘদিন।
প্রতিবেদনটি প্রস্তুতের সময় পর্যন্ত তাঁর মৃত্যুকালীন বয়স, জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে নির্ভরযোগ্য বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
