
নিজস্ব প্রতিবেদক:
‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে পরিচিত রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দেখতে এবং অভিজ্ঞতা বিনিময়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। এতে রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জও বাড়ছে। এ জন্য বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশসম্মত বর্জ্য অপসারণে গুরুত্ব দিতে হবে।
রাসিক প্রশাসক আরও বলেন, নগরীর উন্নয়নে যোগাযোগব্যবস্থা, আধুনিক ড্রেনেজ, নাগরিক সেবার মানোন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ ও সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলছে। পাশাপাশি নগরীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সিটি করপোরেশনের ভবনগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখে অভিজ্ঞতা অর্জন করবেন তাঁরা। এসব অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এক সিটি করপোরেশনের অর্জন অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতা ও নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান তাঁরা।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপির প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
কর্মশালায় অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি করপোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কার কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে।
