এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সুন্দরবনে জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচিত শাহিনুর সানা সাতক্ষীরায় আটক হয়েছেন। জেলে মিরাজুল তাকে শনাক্ত করার পর আইনের হাতে তুলে দেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের হেফাজতে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি হয়েছিলেন জেলে মিরাজুল। পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকেই সুন্দরবনের জেলে-বাওয়ালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
এরই মধ্যে আজ সাতক্ষীরায় মিরাজুলের সামনে শাহিনুর সানা পড়লে তিনি তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
আটককৃত শাহিনুর সানা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে দাতিনাখালী এলাকার মাওলা বক্স সানা ছেলে।
শাহিনুর সানার আটকের খবর ছড়িয়ে পড়লে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সুন্দরবনে বনদস্যুদের ভয়ে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলেরা নানা ধরনের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছিলেন।
