নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
গৌরব, ঐতিহ্য ও দীর্ঘ পথচলার ৫০ বছর পূর্তি উপলক্ষে উত্তরবঙ্গ থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক বার্তা’র সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী নগরীর আলুপট্টিতে অবস্থিত দৈনিক বার্তা ভবনে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও সুধীজনদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, প্রতিনিধি, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দৈনিক বার্তার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ, সাংবাদিকতার অবদান এবং আগামীর সম্ভাবনা ঘিরে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত অতিথি ও সুধীজনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়। পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিনিধি ও কলাকুশলীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বার্তার সম্পাদক মাহমুদ আনোয়ার। মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আখতার, দৈনিক বার্তার উপদেষ্টা সম্পাদক এস এম কাদের, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, লেখক গবেষক মাহাবুব সিদ্দিকি, ইঞ্জিনিয়ার খাদিমুল ইসলাম ফিকশন, সিনিয়র সাংবাদিক আহাম্মেদ শফি, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, আশরাফুল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াসিন আলী মোল্লা, সিনিয়র সাংবাদিক ওয়ালির রহমান বাবু, শাহাদাত হোসেন বিভিন্ন পর্যায়ের সুধীজন।
১৯৭৬ সালের ১৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করে দৈনিক বার্তা। পত্রিকাটির প্রতিষ্ঠাকালীন ইতিহাসের সঙ্গে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নির্দেশনা এবং ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রাজ্জাক চৌধুরীর সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়। উত্তরবঙ্গের সংবাদ ও জনজীবনের নানা বিষয় পাঠকের সামনে তুলে ধরার মধ্য দিয়ে পত্রিকাটি দীর্ঘদিন ধরে আঞ্চলিক সাংবাদিকতার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে।
পঞ্চাশ বছরের এই পথচলা দৈনিক বার্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সময়ের পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জও বেড়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যাশা নিয়ে পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শুভেচ্ছা বিনিময় ও সুধীজনদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান পত্রিকাটির দীর্ঘ প্রকাশনা-ইতিহাসের একটি স্মরণীয় আয়োজন হিসেবে উদ্যাপিত হয়।
