নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দারুণ সাফল্য পেয়েছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ ও ৬টি রৌপ্যসহ মোট ১২টি পদক জিতেছে দলটির খেলোয়াড়রা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেসিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে দেশের সাতটি জেলার ২৯টি ক্লাবের ৪৮০ জন খেলোয়াড় অংশ নেন।
রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের পক্ষে অনূর্ধ্ব-৭ পুরুষ বিভাগে প্রিন্স আদনান একক পুমসে ও কিওরোগীতে দুটি স্বর্ণপদক জেতে। অনূর্ধ্ব-৯ বিভাগে মো. আহনাফ ইসলাম কিওরোগীতে স্বর্ণ ও পুমসেতে রৌপ্য এবং অনূর্ধ্ব-১৪ বিভাগে মো. আবির আহমেদ পরশ পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্যপদক অর্জন করে।
নারী বিভাগে অনূর্ধ্ব-৭ শ্রেণিতে ফাহমিদা হক ইরা পুমসে ও কিওরোগীতে দুটি স্বর্ণপদক জেতে। অনূর্ধ্ব-১৭ বিভাগে মারিন আশরাফী পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্য এবং অনূর্ধ্ব-১৪ বিভাগে জাফরিন জারা দুটি ইভেন্টেই রৌপ্যপদক অর্জন করে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
