নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণার দুর্গাপুরে আইপিটিভি সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ও শুটার অপূর্বকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
আজ রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, সাংবাদিক আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আইপিটিভি সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যার এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রধান শুটার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পরিকল্পনাকারীসহ জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেত্রকোণাসহ সারা দেশের সাংবাদিক ও সাধারণ মানুষ।
সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
Tag:
