নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজশাহীর মন্নুজান ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে তিনি ঘাট পরিদর্শন করেন। এ সময় প্রতিমা বিসর্জনে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার বিসর্জনস্থলে নির্বিঘ্নে যাতায়াত, নিরাপদে বিসর্জন কার্যক্রম সম্পন্ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আরএমপি সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীতে এবার ১০৯টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ৭০টির বেশি প্রতিমা মন্নুজান ঘাটে বিসর্জন দেওয়া হবে। অন্য প্রতিমাগুলো মহানগরীর বিভিন্ন ঘাট ও নিকটবর্তী জলাশয়ে বিসর্জন দেওয়া হবে।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া ও ডিবি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
