নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নগরীর মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণের প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নগরবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়ক সংস্কার ও সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি ইক্ষুচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করবেন।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Tag:
