নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ আয়োজন উপলক্ষে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক পলি রানীকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় রাজশাহী নগরের বাটার মোড়ের পান্ডুলিপি বুক ক্যাফেতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী ও মো. আলমগীর হোসেনকে। যুগ্ম সদস্য সচিব হয়েছেন ইহতেশামুল আলম, রিয়া করিম ও তাহমিদ জাকি। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মো. মাসুম ইসলাম, মোসা. সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পী।
আগামী ১২ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরোনো বটগাছের নিচে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বরেন্দ্র অঞ্চলের প্রাণ-প্রকৃতি, এগ্রোইকোলজি, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষার লক্ষ্য নিয়ে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বারসিক ও গ্রিন কোয়ালিশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ স্লোগানে সম্মেলনে বরেন্দ্র অঞ্চলের কৃষি, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এতে দেশি বীজ ও স্থানীয় কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, পানি সাশ্রয়ী কৃষি, খরা, তাপপ্রবাহ, পানিসংকট এবং কৃষকের খাদ্য উৎপাদনের অধিকারসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শন, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী ও তরুণরা অংশ নেবেন।
