
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মো. সুজন আলীর স্বপ্ন ছিল একটি চার্জারচালিত হুইলচেয়ার। সেই স্বপ্ন পূরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। তাঁর উদ্যোগে সুজনের স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সুজন আলী দুর্গাপুর উপজেলার পাচুবাড়ী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। ছোটবেলা থেকেই তিনি উপজেলার পৌরসভার সালঘরিয়া এলাকায় মামার বাড়িতে বসবাস করছেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় নানা সীমাবদ্ধতার মধ্যে থাকা সুজনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি চার্জারচালিত হুইলচেয়ার পাওয়ার।
নিজের সেই স্বপ্ন পূরণের আশায় সম্প্রতি উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করে ইউএনও উম্মে হাবিবা ফারজানার সঙ্গে দেখা করেন সুজন। এ সময় তিনি তাঁর প্রয়োজন ও স্বপ্নের কথা তুলে ধরেন। বিষয়টি শুনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর স্বপ্ন পূরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এমন আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করে সুজন আলী বলেন, ‘আমাদের দুর্গাপুরের ইউএনও একজন ভালো মনের মানুষ। তাঁর কাছে সহযোগিতা চেয়েছিলাম। তিনি আমার স্বপ্ন পূরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি তাঁর জন্য মন থেকে দোয়া করি। মহান আল্লাহ যেন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের সুখে-শান্তিতে রাখেন।’
ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সুজনের স্বপ্নের কথা শুনেছি। তাঁর স্বপ্ন পূরণে এবং প্রয়োজনীয় সহযোগিতায় উপজেলা প্রশাসন পাশে থাকবে, ইনশা আল্লাহ। এ উপজেলায় যত অসহায় ও হতদরিদ্র মানুষ রয়েছেন, সবার জন্য উপজেলা প্রশাসনের দরজা সব সময় খোলা থাকবে।’
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সুজনের স্বপ্ন পূরণের পথ আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
