
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
আগামী বছর থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। নিয়মিত কর প্রদানকারীদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভায় রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। এসব কার্যক্রম আরও গতিশীল করতে রাজস্ব আয় বাড়ানো জরুরি। এ জন্য রাজস্ব আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নাগরিকদের নিয়মিত কর প্রদানে উৎসাহিত করতে হবে।
