নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে রাজশাহীর দিকে আসছেন। পরে ওই মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন অটোরিকশাটি থামানো হয়। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ মিমি), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মো. শাহীন আলী ও মোছা. পিংকি খাতুন। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
