
নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়া সেনানিবাসে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।
শুক্রবার (২১ নভেম্বর) এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
দিবসটি উপলক্ষে এরিয়া সদর দপ্তরের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এতে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।
মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মূল্যবোধ ধারণ করে দেশের কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
