
নিজস্ব প্রতিবেদক:
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে নগরের মহিষবাথান গোরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। এ সময় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বজনেরা গোরস্থান থেকে মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।
নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তার বড় ভাই।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নুরুজ্জামান টুকুকে রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
