নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরের তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরির সময় স্থানীয় লোকজনের হাতে আটক রাহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রাহিদুল ইসলাম নগরের বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুর ডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, সোমবার সকাল ১১টার দিকে তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় লালন শাহের বাসার নিচতলায় কেউ না থাকার সুযোগে তালা ভেঙে প্রবেশ করেন রাহিদুল। পরে তিনি বাসার ভেতর থেকে মোটরসাইকেলের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করছিলেন।
এ সময় লালন শাহের স্ত্রী বাসায় ফিরে রাহিদুলকে চুরিরত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে রাহিদুল পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন।
খবর পেয়ে রাজপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহিদুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস ও হাতুড়ি এবং চুরি করা মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা আলামতসহ রাহিদুলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহর আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় রাহিদুল নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
