নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ নারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত ৭ আগস্ট মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি ও বেলপুকুর থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে মতিহার থানা পুলিশ ৩৫ গ্রাম গাঁজা ও নগদ ৫৪৫ টাকাসহ কমেলা বেগম (৫২), বোয়ালিয়া থানা পুলিশ ২৯ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ ফিরোজ আলী (১৯), শাহমখদুম থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ আটজন, চন্দ্রিমা থানা পুলিশ ১৮ পিস ইয়াবাসহ সোনিয়া আক্তার (২৮) এবং তালাইমারী পুলিশ ফাঁড়ি ১০ পিস ট্যাপেন্টাডলসহ মানিক মিয়া (২৫)কে গ্রেপ্তার করে। এছাড়া বেলপুকুর থানা পুলিশ পাঁচ পিস ট্যাপেন্টাডলসহ সইবুর আলী ওরফে সবুজকে (২৩) গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
