নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর মতিহার ও শাহমখদুম থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মতিহার থানার খোজাপুর এলাকার মো. নজরুলের ছেলে মো. নাইমুলকে (২১) জাহাজঘাট ফুলতলা এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে শাহমখদুম থানার খিরশিন টিকর ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। তারা হলেন—খিরশিন টিকর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শান্ত ইসলাম (১৯), রায়হান আলীর ছেলে শাকিল ইসলাম (১৮), তানোর থানার আমশো মথুরাপুর গ্রামের নায়েব আলীর ছেলে আতিকুর রহমান সিহাব (১৯) এবং সিলিন্দা বারইপাড়া গ্রামের মৃত জানে আলমের ছেলে আশিকুল ইসলাম আশিক (২৯)।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের আলামত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক-সংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
