
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় একটি পার্সেল সার্ভিসের কার্যালয় থেকে ২৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি।
গ্রেপ্তার যুবকের নাম মো. প্রিভেল ইসলাম (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মো. নাজমুল হকের ছেলে।
এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মাদক সংগ্রহের উদ্দেশ্যে অবস্থান করছিলেন প্রিভেল ইসলাম। পরে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাঁর হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
