আজ- , ,

গুরুদাসপুরে গৃহবধূ হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 

নাটোরের গুরুদাসপুরে ধানখেতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রবিউল মুন্সীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রবিউল মুন্সীর (৫০) বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত তাজেল মুন্সী।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের এক গৃহবধূ পোষা ছাগলের জন্য ঘাস কাটতে গাইনের বিল এলাকায় আরিফুর ইসলামের পুকুরপাড়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন রবিউল মুন্সীকে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় শরীরে কাদা মাখা নিয়ে মাঠ থেকে দ্রুত চলে যেতে দেখেন।

ওই নারী বাড়িতে ফিরে না আসায় এবং রবিউলকে কাদামাখা অবস্থায় যেতে দেখার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন মাঠে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে মামুদপুর গ্রামের আবাদি ধানখেতে কলাপাতা দিয়ে আংশিক ঢাকা ও কাদার মধ্যে ডুবে থাকা অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া যায়।

পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল মুন্সী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর স্বীকারোক্তির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
29 October 2026

গুরুদাসপুরে গৃহবধূ হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal