নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৭০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাত সাড়ে আটটার দিকে পবা থানার বাগসারা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বখতিয়ারাবাদ-মালদা কলোনি গ্রামের বাতুর ছেলে মো. সুইটেম (৪৮) এবং কয়েরদারা গ্রামের মো. রজব আলীর ছেলে মো. সজিব আলী (৩৯)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় সুইটেমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সজিব আলী দীর্ঘদিন ধরে সুইটেমের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার সুইটেমের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে। অপর আসামি সজিব আলীর বিরুদ্ধে একই থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
