নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী ও জেলার সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, আবাসন ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ, রাজশাহীর কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রাজশাহী মহানগরী ও জেলার অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, আবাসন ব্যবস্থার আধুনিকায়ন এবং সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিক সেবা সহজীকরণ, উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজশাহী মহানগরীকে আধুনিক, পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে নগরীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।
