রুয়েট প্রতিনিধি:
মন্দির প্রাঙ্গণে প্রদীপের আলো, পূজার আনুষ্ঠানিকতা আর উৎসবের আমেজ—সব মিলিয়ে দুই দিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাস। সোমবার (৯ নভেম্বর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শ্যামাপূজা ও আলোক বন্দনা ১৪৩৩-এর আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের সার্বজনীন পূজা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় রবিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে শুরু হয় এবারের উৎসব। ‘শ্যামাসংহিতা’র ‘অভয়ের বজ্রনিনাদে ভাঙুক অন্তরের সকল অন্ধকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. দ্বীপ কুমার সাহা।
উৎসবের প্রথম সন্ধ্যায় প্রতিমা স্থাপন ও বরণের পর আরতি নৃত্য পরিবেশিত হয়। পরে মঙ্গলঘট স্থাপন ও পূজারম্ভের মধ্য দিয়ে চলে ধর্মীয় আনুষ্ঠানিকতা। অতিথিদের বক্তব্য, পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণও ছিল আয়োজনের অংশ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তফী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ইঞ্জিনিয়ার অমিত রায় চৌধুরী এবং ইইই বিভাগের অধ্যাপক ড. অজয় কৃষ্ণ সরকার।
এবারের আয়োজনের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলোচনায় আসে বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি স্থায়ী মন্দিরের জায়গা বরাদ্দের দাবি। অনুষ্ঠানে পরিষদের সভাপতি ড. দ্বীপ কুমার সাহা প্রশাসনের কাছে দীর্ঘদিনের এ দাবি পুনরায় তুলে ধরেন। জবাবে উপাচার্য বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিষদের সাধারণ সম্পাদক ও যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রীতম মণ্ডল বলেন, “সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করায় রুয়েট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘদিন ধরে মন্দিরের জন্য স্থায়ী জায়গার আবেদন জানিয়ে আসছি আমরা। আমাদের প্রত্যাশা প্রশাসন শীঘ্রই সেই আবেদন অনুমোদন ও বাস্তবায়ন করবে এবং ভিসি মহোদয় সে আশ্বাস দিয়েছেন।”
উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা ও প্রদীপের সারিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ধর্মীয় আয়োজনের পাশাপাশি তৈরি হয় পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির পরিবেশ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসে শ্যামা বা কালীপূজা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আরাধনার প্রতীক। অন্যদিকে দীপাবলি আলোর মাধ্যমে অন্ধকার দূর করার তাৎপর্য বহন করে। কার্তিক মাসে পালিত এ উৎসব ‘দীপান্বিতা কালীপূজা’ নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এ ধরনের আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখে। সোমবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় রুয়েটের এবারের আয়োজন।
