নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপর একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সমবায়ের চেতনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
