মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের পৃথক অভিযানে ১৪৪ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন এবং অনলাইন জুয়াচক্রে ব্যবহৃত তিনটি দামি স্মার্টফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
১৬ ও ১৭ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ১৬ আগস্ট রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মুদি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দ্বারিয়াপুর বড়বাড়ী মসজিদ এলাকার মোঃ শিহাব হোসেন (২০)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৪৪ পিস ইয়াবা, যার ওজন ১৪ দশমিক ০৪ গ্রাম, উদ্ধার করা হয়।
অন্যদিকে, ১৭ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে কান্দাপাড়া শক্তি ফাউন্ডেশনের শাহজাদপুর শাখার সামনে অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে মোঃ রকি (২৪) ও মোঃ সবুজ শেখ (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে Samsung Galaxy S23 Ultra, iPhone 17 Pro Max ও Redmi Note 13—তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশ দাবি করেছে, ফোনগুলোতে 1xBet ও Kg999 অ্যাপসহ অনলাইন বেটিং ও ক্যাসিনো কার্যক্রমের বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ সময় আরও ১০-১২ জন জুয়াড়ি পালিয়ে যায়।
এ ছাড়া ১৬ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মোহাম্মদ এরফাজ উদ্দিনের নেতৃত্বে দিঘুরুলিয়া বাসস্ট্যান্ড ও দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ খোদেজা বেগম খোদে (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদক ও অবৈধ জুয়ামুক্ত রাখতে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
