মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর ডিসপ্লে ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এমএ মুহিত।
এ সময় বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশাল প্রতিষ্ঠার প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জনগণ জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত করে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কেএম রায়হান, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে সপ্তবর্ণ মডেল স্কুলের আয়োজনে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়। পরে প্রতিমন্ত্রী প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।
এর আগে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে সকাল ১১টায় বিসিক বাসস্ট্যান্ড থেকে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রতিমন্ত্রীর নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে দুপুর ১২টায় প্রতিমন্ত্রীর প্রতিষ্ঠিত সিএসএফ সেন্টারে প্রতিবন্ধিতা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নেন। এছাড়া বিকেল সাড়ে ৩টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কর্মসূচি ছিল।
বক্তব্যের একপর্যায়ে প্রতিমন্ত্রী ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলি তুলে ধরেন। এসব বিষয়ে তিনি তাঁর বক্তব্যে তৎকালীন সরকারের সমালোচনা করেন।
