
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় প্রায় ১০০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এসময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহার করা ১ টি ট্রাক জব্দ করা হয় ।
র্যাব-৫ জানায়, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ইন্দইল গ্রামস্থ পূর্ব ঢাকা রোড আশা ফিলিং স্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ৯৭.৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি ট্রাক জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ ঝেলার রুপগঞ্জ থানার আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ সবুজ(৩২) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে মোঃ কামাল হোসেন (৩০)।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসা করলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
