
গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-(মিল্কভিটা) এর বর্তমান এমডি’র অপসারণসহ ছয় দফা দাবিতে বাঘাবাড়ি মিল্কভিটার আওতাধীন ক ও খ অঞ্চলের সমবায়ীরা এক বিশাল সমাবেশ করেছেন।
দাবিগুলোর মধ্যে ছিল- বর্তমান এমডি জাহিদুল ইসলামের দ্রুত অপসারণ, সমবায়ীদের দুধের মূল্য ১০ টাকা বৃদ্ধি, নির্বাচনের মাধ্যমে সমবায়ীবান্ধব কমিটি গঠন, অসাধু কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে দুগ্ধ সরবরাহ বন্ধ এবং এল.এফ.এ.আইদের বেতন বৃদ্ধি।
বাঘাবাড়ি মিল্কভিটা সংলগ্ন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঘাবাড়ি মিল্কভিটা এরিয়ার পাবনা ও সিরাজগঞ্জ জেলার দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীবৃন্দ এ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমবায়ী সুবীর কুমার ঘোষ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সমাবেশে প্রধান বক্তা বলেন, প্রায় তিন মাস অতিবাহিত হলেও মিল্কভিটার কোন বৈধ কমিটি নেই।
পরপর দুইবার অসমবায়ীদের দ্বারা এডহক কমিটি গঠন করে মিল্কভিটা পরিচালনা করা হয়েছে। বর্তমানে উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও এখনও ওই অবৈধ কমিটি বহাল তবিয়তে আছে। বর্তমান এমডি জাহিদুল ইসলাম নিজে সমবায়ী নন। ফলে, তিনি সমবায়ীদের স্বার্থে কোন কাজই করেন না। সমবায়ীরা দুধের ন্যায্য মূল্য না পেয়ে আজ পথে বসার উপক্রম হয়েছে। ইতিমধ্যেই অনেক সমবায়ী তাদের গবাদি পশু বিক্রি করে দুগ্ধ উৎপাদন থেকে অন্য পেশায় চলে গেছেন।
তিনি বলেন, মিল্কভিটা সমবায়ীদের কাছ থেকে প্রতি লিটার দুধ ৫০ টাকায় ক্রয় করে ওই দুধ একশ টাকায় বিক্রি করে। অথচ, সমবায়ীরা দীর্ঘদিন যাবৎ দুধের দাম লিটার প্রতি ১০ টাকা বৃদ্ধির দাবি করে আসলেও বর্তমান এমডি জাহিদুল ইসলাম সে দাবি পূরণ না করে উল্টো কর্মকর্তাদের ২০% বেতন বৃদ্ধি করেছে।
আব্দুর রাজ্জাক আরো বলেন, এমডি জাহিদুল ইসলাম তার ছয় জন তোষামোদকারী -ডা: আক্তার হোসেন নোবেল (ব্যবস্থাপক, সমিতি), মোহাম্মদ আব্দুল ওয়াহিদ (উপ-ব্যবস্থাপক কেন্দ্রীয় গুদাম), মোঃ একরামুল হোসেন মুকুল (উপ-ব্যবস্থাপক, পরিকল্পনা), আব্দুর রউফ লাভলু ,(জুনিয়র অফিসার বিপণন), হাইদুল ইসলাম ( অফিস সহকারী ও সুপারভাইজার), মোঃ জিল্লুর রহমান (ওয়ার্কার বিপণন) দেরকে সাথে নিয়ে ইচ্ছেমত মিল্কভিটার প্রধান কার্যালয় পরিচালনা করছেন।
তিনি অবিলম্বে এমডি জাহিদুল ইসলামের অপসারণ এবং তার ওই ছয় দোসরকে মিল্কভিটার প্রধান কার্যালয় থেকে অন্যত্র বদলির দাবি জানান পাশাপাশি আগামী চার মাসের মধ্যে নির্বাচন দিতে হবে বলেও তিনি জোরালো দাবি জানান।
আব্দুর রাজ্জাক সাত দিনের মধে দাবিগুলো মেনে না নিলে আল্টিমেটাম দিয়ে আগামী দুই নভেম্বর থেকে দুধ সরবরাহ বন্ধের ঘোষণা দেন এ সময় উপস্থিত সমবায়ীরা দুই হাত তুলে আব্দুর রাজ্জাকের দাবিকে সমর্থন করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এনামুল হক নয়ন, কালাম চৌধুরী, বেলায়েত হোসেন বেলাল, আলতাফ হোসেন সরকার, শামসুল আলম, আব্দুল আউয়াল, আব্দুর রকিব রুমি ও উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান প্রমূখ। এ সময় সমাবেশে কয়েকশত সমবায়ী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
