আজ- বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি করপোরেশনগুলোর খেলার মাঠ উদ্ধারে উদ্যোগ, প্রতি ২–৩ ওয়ার্ডে হবে ফুটসাল মাঠ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

নগর এলাকায় খেলার মাঠের সংকট দূর করতে বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও সংস্কার, অবৈধ দখল থেকে মাঠ উদ্ধার এবং নতুন ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দেশের সব সিটি করপোরেশনের খেলার মাঠের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সভায় সিটি করপোরেশন এলাকায় থাকা খেলার মাঠগুলোর বর্তমান অবস্থা, প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার এবং মাঠগুলোকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো চিহ্নিত করে দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর গৃহীত পরিকল্পনা ও কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

সভায় নগরের বিভিন্ন এলাকায় নতুন ফুটসাল মাঠ নির্মাণের বিষয়টিও গুরুত্ব পায়। প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে ফুটসাল মাঠ নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয়ে সিটি করপোরেশনগুলোর পরিকল্পনা জানতে চাওয়া হয়।

আলোচনায় নগরবাসীর জন্য খেলার মাঠের সংখ্যা বাড়ানো, বিদ্যমান মাঠগুলো সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, পরিকল্পিতভাবে খেলার মাঠ উন্নয়ন ও সংরক্ষণ করা গেলে নগর এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে।

সভায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: