
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমাদের দল এনসিপির নেতাকর্মীদের যদি কেউ ভয় দেখাতে চায়, তবে তাদের জন্য এই বার্তা—আমরা নেতাকর্মীদের জন্য জীবন দিতেও প্রস্তুত। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ বা এনসিপিতে যোগদান করলেই বলা হয়, কিছুদিন পরেই আমরাই সরকারে আসব। সুতরাং, কেউ ভয় পাবেন না। কোনো ধরনের ভয়-ভীতি প্রদর্শন করা হলে তা আমাদের জানাবেন। শুধু ঢাকা থেকে সিরাজগঞ্জ আসতে আমাদের সময় লাগে, কিন্তু প্রতিক্রিয়া দিতেও জানি।”
সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় এনসিপির আয়োজিত পথসভা ও পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) উদ্দেশ্য করে তিনি বলেন, “দেশে সক্রিয় সব রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা শুনতে পাচ্ছি, অনেক জেলা প্রশাসক ও এসপির অফিস রাজনৈতিক দলের কার্যালয়ের মতো আচরণ করছে। এটি বন্ধ করতে হবে। আপনারা যেন সরকারপন্থী নয়, বরং জনগণপন্থী হয়ে কাজ করেন। কারণ, এই দেশের প্রকৃত ক্ষমতার উৎস জনগণ।”
তিনি আরও বলেন, “যখন কোনো রাজনৈতিক দলের পতন শুরু হয়, তখন প্রশাসনের কেউ তাদের বাঁচাতে আসে না। তাই আপনাদের বলছি, আপনারা যেন বেনজির আহমেদ বা হারুন অর রশিদের মত পরিণতি বরণ না করেন। কারণ, জনগণের অধিকার রক্ষায় একজন হাসনাত, একজন সারজিস আলম আবারও রাজপথে নামবে।”
সম্প্রতি বসুন্ধরা মিডিয়া গ্রুপকে নিয়ে দেওয়া বক্তব্যের কারণে আলোচিত হাসনাত আব্দুল্লাহ আবারও বলেন, “আমি ভয় পাই না। আমি যা বলার তা বলেছি, আবারও বলব। আপনি যদি সাংবাদিকতা করেন, আমি আপনাকে সম্মান করি। আমি যদি অন্যায় করি, দুর্নীতিতে জড়াই, তবে আপনি অবশ্যই আমার বিরুদ্ধে কলম চালান। কারণ মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আমি সবসময়ই থাকব।”
তিনি আরও বলেন, “একইভাবে ৩ আগস্ট বসুন্ধরার মালিকও বিবৃতি দিয়েছিলেন। গত ১৫ বছরে আপনারা গুম, খুন, নিপীড়নের পক্ষে দাঁড়িয়ে বিবৃতি দিয়ে গেছেন, আমরা সেসব জানি। জনগণ সব দেখছে।”
এই পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন—জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
