
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল। বৈঠকে সাইবার নিরাপত্তা, পুলিশ সংস্কার, মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আরএমপির সক্ষমতা বৃদ্ধিতে সম্ভাব্য সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
রোববার (২৬ জুলাই) বিকেল ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের (ফরেন পলিসি, পলিটিক্যাল-মিলিটারি ও সিকিউরিটি) প্রতিনিধি মি. জেরার্ড লায়ন্স (Gerard Lyons) এবং নিরাপত্তা, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মো. কামরুজ্জামান (আমান) অংশ নেন।
বৈঠকে রাজশাহী মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর পুলিশিং, সাইবার অপরাধ প্রতিরোধ, পুলিশ সংস্কার এবং এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ নিয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন। পাশাপাশি আরএমপির কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করতে কী ধরনের সহযোগিতা দেওয়া যেতে পারে, সে বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
আরএমপি সূত্র জানায়, বৈঠকে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে
