আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি রেশন স্টোরের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

by Prokash Kal
৩৫৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রেশন স্টোরের ২০২৫-২৬ অর্থবছরের টেন্ডার সিডিউল বিক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও ঠিকাদারদের হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে মো. বাদশা আলী নামে এক ঠিকাদার রাজশাহী পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ‘বাঁধন অ্যান্ড বর্ন এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার বাদশা আলী ৩০ নভেম্বর সিডিউল ক্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। তাঁর দাবি, নির্ধারিত সময়ে আবেদন জমা দেওয়া হলেও বিভিন্ন সময়ে অফিসের দায়িত্বশীলরা নানা অজুহাত দেখিয়ে সিডিউল সরবরাহে গড়িমসি করেন।

বাদশা আলীর অভিযোগ, রেশন স্টোর অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর মোবাইল ফোনে তাঁকে জানান যে সিডিউল বিক্রি ২ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলবে; পরে জানানো হয় সময়সীমা অতিক্রান্ত হওয়ায় তাঁকে সিডিউল দেওয়া সম্ভব নয়। শুধু তিনিই নন, একইভাবে ‘এশা এন্টারপ্রাইজ’-এর মো. কাজল হোসেনসহ আরও কয়েকজন ঠিকাদার একই ধরনের ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ আছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, সিডিউল বিক্রয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা সময়মতো অফিসে উপস্থিত থাকেন না ও বিভিন্ন তালবাহানার মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীর ঠিকাদারদের টেন্ডার সুবিধা করে দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে রেশন স্টোরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন অভিযোগকারী।

এ অবস্থায় বাদশা আলী ২ ডিসেম্বরের সিডিউল বিক্রি বাতিল করে পুনরায় সিডিউল বিক্রয়ের সময়সীমা বাড়ানোর পাশাপাশি সকল ঠিকাদারের জন্য সমান সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

জানতে চাইলে আরএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন,“অভিযোগটি আমরা পেয়েছি। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল ঠিকাদারের জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই আমরা কাজ করছি।”

You may also like

Leave a Comment

শিরোনাম: