আজ- শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়েলার্স মালিক সমিতির সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

by Prokash Kal

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর জুয়েলার্স ব্যবসায়ীদের নিরাপত্তা, চুরি-ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জুয়েলার্স মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় বাজুসের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ‘কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চুরির ঘটনায় স্বর্ণ, রুপা ও নগদ টাকা উদ্ধারে আরএমপির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি পুলিশের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের প্রশংসা করে স্বর্ণপট্টি এলাকা হকারমুক্ত রাখা, বিশেষ করে শুক্রবার নিরাপত্তা জোরদার, আশপাশের হোটেলগুলোতে নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত পুলিশি টহলের অনুরোধ জানান।

পুলিশ কমিশনার জুয়েলার্স ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা এবং প্রয়োজন অনুযায়ী ছবি সংরক্ষণের পরামর্শ দেন তিনি।

এ ছাড়া প্রতিটি জুয়েলারি দোকানে পর্যাপ্ত ও কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্ব দেন পুলিশ কমিশনার। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্বাভাবিক ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুয়েলার্স ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও তথ্য আদান-প্রদান আরও জোরদার করা প্রয়োজন। স্বর্ণপট্টি ও গুরুত্বপূর্ণ জুয়েলার্স মার্কেট এলাকায় নিয়মিত পুলিশি নজরদারি ও টহল অব্যাহত থাকবে। পাশাপাশি রাতে সার্বক্ষণিক পুলিশ টহল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সভায় চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তি ও লেনদেন সম্পর্কে সতর্কতা এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জুয়েলার্স মালিক সমিতির মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে আলোচনা হয়।

সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী জুয়েলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, বাজুসের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম সুইটসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: