
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা, কর্ণহার, কাশিয়াডাঙ্গা, শাহমখদুম ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, এসকাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৪৭ হাজার ৬৮০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরএমপি সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে পবা থানা পুলিশ মধুসুদনপুর মধ্যপাড়া এলাকায় সুলতান আহমেদ ওরফে সুলতান আলী (৪৬)-এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি ও পেনাল কোডে একটি মামলা রয়েছে।
এর আগে ১৫ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা মালিগাছা এলাকায় অভিযান চালিয়ে রাতিন (২২), ইসরাফিল হোসেন (২২) ও শ্রাবন (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটন (৪৩) ও মুজাহিদুল ইসলাম (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় লিটনের কাছ থেকে এক বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদুল দীর্ঘদিন ধরে লিটনের সহযোগী হিসেবে মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
একই রাতে প্রায় ৯টার দিকে শাহমখদুম থানা পুলিশ নওদাপাড়া সিটির হাট মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহেদ হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট, নগদ ২ হাজার ৩৮০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে ১৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে আতিক আলী (২৯) নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
