
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার মধ্যনওদা পাড়া এলাকার বাসিন্দা এবং মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মধ্যনগর উপজেলা থেকে আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জনের একটি দল একটি পর্যটকবাহী নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেয়। পরে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের মসজিদের পাশে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়। এ সময় দলের কয়েকজন খাবার কিনতে নৌকা থেকে নামেন। অন্যদিকে, নৌকায় থাকা কয়েকজন গোসল করার জন্য পানিতে ঝাঁপ দেন।
গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও আব্দুল মাজেদ পিকলুকে পাওয়া যায়নি। পরে স্থানীয় এলাকাবাসী ও তার সহযোগীরা প্রায় তিন ঘণ্টা ধরে নদীতে খোঁজাখুঁজি করেন। দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ বলেন, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার আগেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও সহযোগীরা অনেক চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করেছেন।
তাহিরপুর থানার এসআই আবুল হাসনাত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে নৌকাসহ মরদেহটি তাহিরপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
