
রাজীব আলী, রাজশাহী:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ অক্টোবরের রাজশাহী সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো মহানগরজুড়ে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে রাজশাহী। অন্যদিকে প্রধানমন্ত্রীর সফর ও ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা ঘিরে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। জনসভা সফল করতে চলছে নানা প্রস্তুতি। ইতিমধ্যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সার্বিক প্রস্তুতি তদারকি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের নজরদারি রয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও ইতিমধ্যে সমাবেশস্থলে পৌঁছেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে।
সফরসূচি অনুযায়ী, হযরত শাহ মখদুম
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি রাজশাহী মহানগরীর ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতি শেষে তিনি যোগ দেবেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায়।
নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
একদিকে বর্ণিল সাজে বরণ করার প্রস্তুতি, অন্যদিকে নিরাপত্তার কঠোর বলয়—সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন আমেজে সেজেছে পদ্মাপাড়ের এই নগরী।
