আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে পরকীয়ার জেরে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫

by Prokash Kal
২৮৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দূর্গাপুরে পরকীয়া সম্পর্কের জেরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মকবুল হত্যা মামলার পাঁচ পলাতক আসামীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (১১ মে) রাত আনুমানিক ৪ টায় কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মোঃ শাহাবুর (৩০), মোঃ রিপন (২৫), এবং মোঃ মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। তাদের সবার স্থায়ী ঠিকানা রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামে।

অভিযান চলাকালে আসামীদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। র‌্যাব-৫ তাদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। এরই ধারাবাহিকতায় পাঁচ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে জনৈক মোঃ ইসমাঈলের বাড়িতে পরকীয়া সম্পর্কিত ঘটনায় মোছাঃ মৌ (৩০) নামে এক নারী আসেন। এরপর গ্রামে এই বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সালিশ ডাকা হয়। সালিশে অংশ নিতে আসা অভিযুক্তরা তাদের আধিপত্য বিস্তার করতে চাইলে, নিহত মকবুল হোসেনসহ স্থানীয়রা বাধা দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরদিন ১৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে আমচত্ত্বর মোড়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-চাইনিজ কুড়াল, হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি-সহ আসামিরা মকবুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মকবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: